ঢাকাসহ সারা দেশে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা - দিগন্ত জার্নাল

ঢাকাসহ সারা দেশে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা

বজ্রপাত, বৃষ্টি, ঢাকা আবহাওয়া, বাংলাদেশ আবহাওয়া, মোস্তফা কামাল পলাশ, আবহাওয়ার পূর্বাভাস, মৌসুমী বৃষ্টি, বজ্রঝড়

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | আবহাওয়া ডেস্ক

মৌসুমের শেষ বৃষ্টিবলয় ‘প্রবাহে’ প্রবেশ করেছে বাংলাদেশ। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টিপাত হচ্ছে, যা মঙ্গলবারও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এরই মধ্যে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বজ্রপাতের শঙ্কা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আজ সোমবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের পর থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় হালকা বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”

তিনি যে অঞ্চলগুলোর নাম উল্লেখ করেছেন তা হলো—

ঢাকা বিভাগ: ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী ও ঢাকা।
রাজশাহী বিভাগ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ।
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট।
খুলনা বিভাগ: মাগুরা।
বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী, ভোলা।
চট্টগ্রাম বিভাগ: চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া।
রংপুর বিভাগ: লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা।

আবহাওয়া বিশ্লেষক মোস্তফা কামাল পলাশ আরও জানান, মৌসুমের শেষপ্রান্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের আকাশে দুর্বলভাবে সক্রিয় থাকলেও কিছু এলাকায় স্থানীয় বায়ুপ্রবাহ ও বায়ুমণ্ডলীয় অস্থিতিশীলতার কারণে বজ্রঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি জনগণকে পরামর্শ দিয়েছেন, বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে। বিশেষ করে কৃষক, জেলে, ও গ্রামীণ এলাকার মানুষদের সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

বিশেষজ্ঞদের মতে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নেবে। তবে বিদায়ের আগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে।

an adbox will go here