বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি হতে পারে নতুন বছরের প্রথম দিনে: ইউএস সেন্সাস ব্যুরো
আন্তর্জাতিক:
নতুন বছরের প্রথম দিনে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৯ কোটি হতে পারে, এমন তথ্য জানিয়েছে ইউএস সেন্সাস ব্যুরো। সোমবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জন জরিপ সংস্থার প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিশ্বজুড়ে জনসংখ্যার বৃদ্ধি হার ০.৯ শতাংশ ছিল, যা ২০২৩ সালের চেয়ে সামান্য কম। ২০২৪ সালে বিশ্বজুড়ে জনসংখ্যা ৭ কোটি ১০ লাখ বৃদ্ধি পেয়ে ৮০৯ কোটি পৌঁছাতে পারে। অন্যদিকে, ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল ৭ কোটি ৫০ লাখ।
২০২৫ সালের জানুয়ারিতে, বিশ্বে প্রতি সেকেন্ডে গড়ে ৪.২ জন শিশু জন্মাবে এবং ২ জন শিশুর মৃত্যু হবে বলে জরিপে পূর্বাভাস দেয়া হয়েছে।
তবে এই হিসাবের মধ্যে তারতম্য থাকতে পারে, কারণ জনসংখ্যা বিষয়ক বৈশ্বিক জরিপগুলো জানায় যে, বছরব্যাপী বৈশ্বিক জন্মহার ও মৃত্যুহারের তারতম্য ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ২৬ লাখ বৃদ্ধি পেয়ে ৩৪ কোটি ১০ লাখ হতে পারে।
২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে একটি শিশু জন্ম নিবে, আর প্রতি ৯.৪ সেকেন্ডে একজনের মৃত্যু হবে, এমনটি পূর্বাভাস দিয়েছে ইউএস সেন্সাস ব্যুরো।
আন্তর্জাতিক অভিবাসনের কারণে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রতি ২৩.২ সেকেন্ডে একজন করে বৃদ্ধি পেতে পারে। জন্ম, মৃত্যু ও অভিবাসন মিলিয়ে, যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রতি ২১.২ সেকেন্ডে বৃদ্ধি পেতে পারে একজন।
২০২০ সালের পর ২.৯ শতাংশ হারে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ৯৭ লাখ হয়েছিল। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৭.৪ শতাংশ, যা ১৯৩০-এর দশকের পর সর্বনিম্ন।