ভারতের মথুরায় ৯০ বাংলাদেশি আটক, জাল নথির অভিযোগে তদন্ত
আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার , (১৭ মে ২০২৫) ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার নৌঝিল থানার খাজপুর গ্রামের একটি ইটভাটা এলাকা থেকে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। শুক্রবার (১৬ মে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
মথুরার পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার জানান, অভিযানের সময় ইটভাটাগুলোতে তল্লাশি চালিয়ে ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী ও ২৮ জন শিশুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন এবং বৈধ কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি।
পুলিশ আরও জানায়, তিন থেকে চার মাস আগে প্রতিবেশী রাজ্যের মধ্য দিয়ে তারা মথুরায় প্রবেশ করেন এবং সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছিলেন। আটকদের কাছ থেকে কয়েকটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে, যেগুলো জাল নথিপত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তাদের নিয়োগে জড়িত ইটভাটার ঠিকাদার ও সহযোগীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
পুলিশ বলেছে, পুরো ঘটনায় জালিয়াতি, অনুপ্রবেশ এবং মানবপাচারের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং শিগগিরই আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে মথুরা পুলিশ।