মিরপুরে শ্রমিক-পুলিশের পালটাপালটি ধাওয়া, বন্ধ মেট্রোরেল স্টেশন
ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬
ঢাকা রাজধানীর মিরপুর-১১ নম্বরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকরা ফের সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষের কারণে মিরপুর মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত পাঁচটি শিল্পাঞ্চলের ২ হাজার ১৩৪টি পোশাক কারখানার মধ্যে ৬৭৯টি বন্ধ ছিল। এতে কাজে যোগ না দিয়ে বাসায় ফিরে যেতে বাধ্য হন ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিক।
এর মধ্যে মিরপুরের ৩২০টি কারখানার ৫৫টি বন্ধ ছিল। গাজীপুর ও ময়মনসিংহের ৮৩৬টি কারখানার মধ্যে বন্ধ ছিল ৩৮২টি। সাভার, আশুলিয়া ও জিরানীর ৪৪১টি কারখানার মধ্যে ২২৩টি বন্ধ হয়ে যায়। নারায়ণগঞ্জের ১৯৯টি কারখানার মধ্যে ৯টিতে শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে যান। তবে চট্টগ্রামের ৩৪০টি কারখানায় কোনো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি।
শিল্পাঞ্চলগুলোতে উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর রয়েছে।