হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
হরমুজ প্রণালি আর কখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানিয়েছেন, প্রণালিটির নিয়ন্ত্রণ ও পরিচালনা নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তেহরান।
বুধবার (১১ নভেম্বর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে এই সমঝোতা হয়েছে। তাঁর দাবি, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জলসীমা নেই। তাই ইরান ও ওমানের আইন অনুযায়ী এই জলপথ পরিচালিত হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার আগে সাতটি শর্ত দিয়েছে ইরান। কাতারের মধ্যস্থতায় এসব শর্ত ওয়াশিংটনে পাঠানো হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। গালিবাফ বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ছাড় এবং সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা। পাশাপাশি যুদ্ধের সমাপ্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণার দাবিও জানিয়েছে দেশটি।
গালিবাফের মতে, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবই সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা। তবে পূর্বসম্মত বিষয়গুলো মেনে চললে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।
তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক চাপে পড়বেন। একই সঙ্গে ইরান দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সক্ষমতা ও প্রতিরোধব্যবস্থা জোরদার করতে চায়।