কৃষি গবেষণা ও যান্ত্রিকীকরণের ওপর জোর দিতে হবে: কৃষি উপদেষ্টা - দিগন্ত জার্নাল

কৃষি গবেষণা ও যান্ত্রিকীকরণের ওপর জোর দিতে হবে: কৃষি উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:
কৃষিখাতে বাস্তবমুখী ও প্রায়োগিক গবেষণা বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কৃষিখাতে দক্ষ মানবসম্পদ গড়ার ক্ষেত্র আরও সম্প্রসারিত করতে হবে। কৃষি গবেষণা কাউন্সিলকে এ ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে, যাতে গবেষণার ফল কৃষকের কাছে পৌঁছায় ও তারা উপকৃত হয়। কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে দেশীয় সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি এবং বলেন, বিদেশ থেকে আমদানি কমিয়ে নিজেদের উৎপাদন বাড়াতে হবে।

সারের মাত্রাতিরিক্ত ব্যবহার সম্পর্কে তিনি বলেন, অতিরিক্ত সার ব্যবহারে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। তাই সার ব্যবহারে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, বোরো মৌসুমের ফলন ভালো হলে চালের সংকট হবে না। আলু ও পেঁয়াজেরও ভালো ফলন হয়েছে, যার ফলে দাম কমেছে।

কৃষকদের জন্য প্রযুক্তিনির্ভর সমাধানের অংশ হিসেবে ‘খামারী’ নামে একটি অ্যাপ চালু করা হচ্ছে, যা সার, বীজ, চাষাবাদ পদ্ধতি ও ফসল সংরক্ষণ বিষয়ে তথ্য দেবে। এছাড়া শিগগিরই সবজি ও ফল সংরক্ষণের জন্য ছোট ছোট সংরক্ষণাগার স্থাপন করা হবে।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সতর্ক অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

an adbox will go here