বড়ছে তাপমাত্রা, শীতের অনুভূতি থাকবে ঘন কুয়াশার কারণে
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, সারা দেশের মধ্যে ঢাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য মাত্র ২.২ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এ শীত অনুভূত হচ্ছে। আরিচাতেও পার্থক্য ২.৩ ডিগ্রি সেলসিয়াস।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত।
মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।