মোদির হাতে বিশেষ ফটোফ্রেম তুলে দিলেন ড. মুহাম্মদ ইউনূস
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫: ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দুই সরকারপ্রধানের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকটি চলে প্রায় ৪০ মিনিট।
বৈঠকের একপর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে একটি বিশেষ ফটোফ্রেম তুলে দেন ড. ইউনূস। ছবিটিতে দেখা যায়, ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পোস্টে জানানো হয়েছে, “শুক্রবার ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি ছবি উপহার দিচ্ছেন। ছবিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসকে ২০১৫ সালে স্বর্ণপদক প্রদান করছেন।”
অন্য সময় বিদেশি রাষ্ট্রপ্রধানদের উপহার হিসেবে ‘Art of Triumph’ নামে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের বই উপহার দেন ড. ইউনূস, তবে মোদির ক্ষেত্রে ব্যতিক্রম হলো এই সম্মানসূচক স্মৃতি উপহার। মোদি উপহারটি হাতে নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন এবং ছবি তোলার সময় তার মুখে আনন্দের হাসি ছিল স্পষ্ট।
বৈঠকে ড. ইউনূস ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্তে হত্যা বন্ধ ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়টি উত্থাপন করেন। দুই পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানে সম্মত হন।
এই ঐতিহাসিক বৈঠকটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।