বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা
দিগন্ত জার্নাল ডেস্ক: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বিকেলে শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এর আগে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর গড়াতেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড এবং আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন তাঁরা। নেতাকর্মীদের হাতে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড। নানা রঙের টি-শার্ট ও টুপি পরে স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছেন পুরো এলাকা।
কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নূরুল ইসলাম সোহেল বলেন, শোভাযাত্রা ঘিরে তাঁদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। নেতাকর্মীরা আগেভাগেই নয়াপল্টনে আসছেন।
তিনি আরও বলেন, আজকের শোভাযাত্রায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেই নেতৃত্ব দেবেন। এটি তাঁদের জন্য গর্বের বিষয়। তাঁর অংশগ্রহণে নেতাকর্মীরা অনুপ্রাণিত হবেন এবং দল ও সংগঠনগুলো নতুন করে শক্তি সঞ্চয় করবে।