ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিগন্ত জার্নাল ডেস্ক:শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
যারা গণহত্যা চালিয়েছে এবং আলেম-ওলামার রক্ত ঝরিয়েছে, সেই ফ্যাসিবাদী শক্তিকে দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য ও আদর্শগত বিভেদ থাকতে পারে। তবে গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে ফেরার বিষয়ে দেশের মানুষ একমত নয়। যারা বিভিন্ন প্রক্রিয়ায় বিভ্রান্তিমূলক রাজনীতি করে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন সহজ করতে চায়, তাদেরও জনগণ প্রত্যাখ্যান করবে।
তিনি বলেন, ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে ১৭ বছর সময় লেগেছে। এ আন্দোলনে আলেম-ওলামারা রক্ত দিয়েছেন। শাপলা চত্বরে শহীদ হওয়া অনেকের নাম ও কবরের ঠিকানা এখনো জানা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি বাদ দিয়েছিলেন। সরকার তা পুনঃস্থাপনের উদ্যোগ নেবে। সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে এ বিষয়টি পুনরায় ধারণ করা হবে।
তিনি আরও বলেন, সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। সংবিধানে বিসমিল্লাহ সংযোজন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করেছে বিএনপি। দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার।
জুলাই সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ইসলামী মূল্যবোধের বিষয়গুলোও সংবিধানে ধারণ করা হবে।
আন্দোলনের নামে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সমালোচনা করতে হবে গঠনমূলকভাবে। সরকারের সঙ্গে অসহযোগিতা করা যেতে পারে, তবে দেশের মানুষের বিরুদ্ধে নয়।
অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।