টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি,সেনাসদস্যের মৃত্যু - দিগন্ত জার্নাল

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি,সেনাসদস্যের মৃত্যু

টেকনাফে, সেনাসদস্য নিহত, মানবপাচারকারী, যৌথবাহিনীর অভিযান, তিতাস শেখ, কক্সবাজার, জিম্মি উদ্ধার, মানবপাচার

দিগন্ত জার্নাল ডেস্ক: শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য মো. তিতাস শেখ (২৭) মারা গেছেন। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। পাশাপাশি জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার জানা যায়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে জিম্মি করে রেখেছে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল। এ তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। জবাবে যৌথবাহিনী পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় সেনাসদস্য তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইএসপিআর জানায়, অভিযানে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। পাশাপাশি জিম্মি থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কর্তব্যরত অবস্থায় নিহত সেনাসদস্যের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।

Home » টেকনাফে যৌথবাহিনীর অভিযান
an adbox will go here