মূল্যস্ফীতির চাপে কমছে ক্রয়ক্ষমতা, বাড়ছে জীবনযাত্রার ব্যয়
দিগন্ত জার্নাল ডেস্ক: বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬
মজুরি বাড়ার তুলনায় মূল্যস্ফীতি বাড়ছে বেশি হারে। ফলে কমছে সাধারণ মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে মজুরি বৃদ্ধির হার কমে হয়েছে ৭ দশমিক ৯০ শতাংশ। এতে আয় ও ব্যয়ের ব্যবধান আবার বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতির চাপ কমাতে এবং ভোক্তার ক্রয়ক্ষমতা ধরে রাখতে অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আয় বাড়ানোর উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগস্টে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। তখন মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। তবে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বাড়লেও মজুরি বৃদ্ধির হার কমেছে। জ্বালানি উপকরণ ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম বৃদ্ধি এর অন্যতম কারণ। একই সময়ে দেশের সব বিভাগেই মজুরি বৃদ্ধির হার কমেছে।
কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি ঋণ ও অর্থায়ন কমানো, উৎপাদন খাতে ঋণ বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। আগামী বোরো মৌসুমে কৃষি উৎপাদন বাড়লে নিত্যপণ্যের দাম কমবে বলেও আশা করছে সংস্থাটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি নিরূপণের ঝুড়িতে থাকা ৩৮২টি পণ্যের মধ্যে ২০৩টির দাম বেড়েছে, কমেছে ২৫টির। অপরিবর্তিত ছিল ১৫৪টির দাম। বিশেষ করে প্রোটিনজাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্য মূল্যস্ফীতিতে এসব পণ্যের অবদান বেড়েছে।