মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ
দিগন্ত জার্নাল ডেস্ক: বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬
মেট্রোরেল, সেতু ও রেলকোচ কেনার তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার কাছে অর্থায়ন চেয়েছে বাংলাদেশ। প্রকল্পগুলো হলো ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট, মতলব উত্তর–গজারিয়া সেতু নির্মাণ এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ কেনা।
২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত দুই দেশের মধ্যে ৩০০ কোটি ডলারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) চুক্তি রয়েছে। এই তহবিল থেকেই প্রকল্পগুলোতে অর্থায়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।
মঙ্গলবার প্রতিনিধিদলটি এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব কোরিয়া (কেক্সিম), কোরিয়া ইনভেস্টমেন্ট করপোরেশন (কেআইসি) এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে।
বৈঠকে কেক্সিমের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হোয়াং কিয়নের কাছে অবশিষ্ট তহবিল ব্যবহারে সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরির প্রস্তাব দেয় বাংলাদেশ। জবাবে কেক্সিম জানায়, অগ্রাধিকারযোগ্য প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তিন প্রকল্পে অর্থায়নের বিষয়টি বিবেচনা করা হবে।
এদিকে দক্ষিণ কোরিয়ার অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের দ্বিতীয় উপমন্ত্রী চ্যাং হুর সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। সেখানে দুই দেশের সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর ও বিকল্প অর্থায়ন নিয়েও কথা বলেন দুই পক্ষের প্রতিনিধিরা।
ইডিসিএফের আওতায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩০টি প্রকল্পে ২৭৮ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে দক্ষিণ কোরিয়া।