রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী
দিগন্ত জার্নাল ডেস্ক: রোববার, ৮ নভেম্বর, ২০২৬
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।
প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো রাজনৈতিক দলের প্রতি কর্মকর্তাদের ব্যক্তিগত সমর্থন থাকাটা দোষের নয়। তবে সেই সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।’
রোববার সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণ নির্বাচনে ভোট দিয়ে যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সেটি এখন জনগণের ইশতেহার ও দলিল। সেই ইশতেহার বাস্তবায়নে প্রশাসনকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, সরকারের সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন জরুরি। এসব গুণ একজন কর্মকর্তার পাশাপাশি রাষ্ট্র ও সরকারকেও সমৃদ্ধ করে।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে। বিসিএসের বিভিন্ন ক্যাডারে কাজের ধরন ভিন্ন হলেও সবার প্রথম পরিচয় তাঁরা জনপ্রশাসনের কর্মকর্তা। তাঁদের প্রধান দায়িত্ব জনগণের সেবা করা।
নাগরিকদের সঙ্গে মানবিক আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নিজেরা অন্যের কাছ থেকে যে ধরনের ব্যবহার প্রত্যাশা করেন, সেবা নিতে আসা মানুষের সঙ্গেও তেমন আচরণ করতে হবে। কোনো নাগরিকের আবেদনপত্রে ভুল থাকলে শুধু ফিরিয়ে না দিয়ে ভুলটি চিহ্নিত করে সংশোধনের পথ দেখানো উচিত।
প্রধানমন্ত্রী আরও বলেন, কর্মকর্তাদের বিধিবদ্ধ নিয়ম ও আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে নাগরিকের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করাও জরুরি। পছন্দের পদে পদায়ন বা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস করা যাবে না। দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের মানসিক প্রস্তুতি থাকতে হবে।
প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা সহজ ও নাগরিকবান্ধব করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও নবীন কর্মকর্তাদের সচেতন হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ অন্যরা।