৪ বছরে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী - দিগন্ত জার্নাল

৪ বছরে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

২৫ হাজার নতুন উদ্যোক্তা, তারেক রহমান, এসএমই ফাউন্ডেশন, এসএমই সৃষ্টি কর্মসূচি, জাতীয় এসএমই পণ্য মেলা, ২৫ লাখ কর্মসংস্থান

দিগন্ত জার্নাল ডেস্ক: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নারী-পুরুষের মধ্যে যারা উদ্যোক্তা হতে আগ্রহী, তাদের জন্য এসএমই ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আগামী চার বছরে ২৫ হাজারের বেশি উদ্যোক্তা তৈরি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। তাই এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার।

তিনি জানান, এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনের মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

an adbox will go here