ইতালির ফরলী-চেজেনায় যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
দিগন্ত জার্নাল ডেস্ক: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ইতালির ফরলী-চেজেনা প্রভিন্সায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ফরলীর স্থানীয় একটি হলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ফরলী-চেজেনা প্রভিন্সা বিএনপি নেতা তানভীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতালির সভাপতি জাকির হোসেন গনি। অনুষ্ঠান পরিচালনা করেন রোমান রহমান খান। যৌথ পরিচালনায় ছিলেন নকিবুর সিকদার ও ওসমান খান।
সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মো. সেলিম হোসাইন। প্রধান বক্তা ছিলেন যুবদল ইতালির সাধারণ সম্পাদক ওমর ফারুক। বিশেষ বক্তা ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরলী-চেজেনা প্রভিন্সার উপদেষ্টা আবু নাঈম মোল্লা, যুবদল ইতালির যুগ্ম সাধারণ সম্পাদক রিমন মিয়া ও নজরুল ইসলাম এবং বিএনপি নেতা আফছার উদ্দিন ও ওসমান আলী।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। বক্তারা প্রবাসে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রম গতিশীল করা, সদস্য সংগ্রহ এবং দলীয় আদর্শ ধারণ করে শৃঙ্খলার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা প্রবাসীদের স্বার্থ রক্ষা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলের নেতা-কর্মীদের সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ফরলী-চেজেনা প্রভিন্সার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শিগগিরই যুবদলের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথাও জানানো হয়।
সভায় ফরলী-চেজেনা প্রভিন্সা ও আশপাশের এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।