৭৮৯ প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক নয়, এডিপি থেকে কাটছাঁট ৪৯ হাজার কোটি টাকা - দিগন্ত জার্নাল

৭৮৯ প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক নয়, এডিপি থেকে কাটছাঁট ৪৯ হাজার কোটি টাকা

দিগন্ত জার্নাল ডেস্ক:

গত অর্থবছরে ৭৮৯টি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন সন্তোষজনক হয়নি বলে জানিয়েছে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এর মধ্যে ২৯২টির আর্থিক ও ২৮৭টির বাস্তব অগ্রগতি সন্তোষজনক ছিল না, আর ৮৯টি প্রকল্পের আর্থিক এবং ১২১টির বাস্তব অগ্রগতি ছিল একেবারে শূন্য পর্যায়ে। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সামনে এ-সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হবে। একই বৈঠকে চলতি অর্থবছরের এডিপি থেকে ৪৯ হাজার কোটি টাকা বরাদ্দ কমিয়ে সংশোধিত এডিপি ২ লাখ ১৬ হাজার কোটি টাকা নির্ধারণ করা হবে।

প্রতিবেদনে প্রকল্প বাস্তবায়নে ধীরগতির পেছনে ১১টি কারণ চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে অর্থছাড় না হওয়া, ভূমি অধিগ্রহণে জটিলতা, দরপত্র আহ্বানে দেরি, উন্নয়ন সহযোগীদের অর্থায়নে বিলম্ব এবং প্রশাসনিক জটিলতা। আইএমইডির সাবেক সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেছেন, জবাবদিহিতার অভাবের কারণে প্রতি বছর একই সমস্যা ঘটছে এবং কার্যকর ইভাল্যুয়েশন নীতিমালা না থাকায় প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যাচ্ছে না।

গত অর্থবছরের সংশোধিত এডিপিতে ১,৬৫৯টি প্রকল্পের জন্য ২ লাখ ৫৪ হাজার ৩৯২ কোটি টাকা বরাদ্দ ছিল। তবে বরাদ্দকৃত অর্থের শতভাগ ব্যয় হয়েছে ২৫১টি প্রকল্পে, ৯০-৯৯ শতাংশ ব্যয় হয়েছে ৭৫১টিতে, ২৫ শতাংশ বা তার কম ব্যয় হয়েছে ৮৩টিতে এবং এক টাকাও খরচ হয়নি ৮৯টি প্রকল্পে।

এদিকে চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকারি তহবিলের এক লাখ ৬৫ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ এক লাখ কোটি টাকা। কিন্তু সংশোধিত এডিপিতে তা কমিয়ে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা করা হচ্ছে, যেখানে সরকারি তহবিলের বরাদ্দ হবে ১ লাখ ৩৫ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে ৮১ হাজার কোটি টাকা আসবে। পরিকল্পনা সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন জানিয়েছেন, বরাদ্দ কমার পেছনে যৌক্তিক কারণ রয়েছে, তবে অর্থনীতিতে এর তেমন প্রভাব পড়বে না।

an adbox will go here