আবরার হত্যার রায় দ্রুত কার্যকরের আহ্বান: মির্জা গালিব
“দিগন্ত জার্নাল ডেস্ক :
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সঙ্গে শুধু একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নয়, বরং আরও কিছু মহল জড়িত ছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
রোববার (১৬ মার্চ) হাইকোর্টে আবরার হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), জেল আপিল ও আপিলের ওপর রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে একটি দৈনিক পত্রিকার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে মির্জা গালিব মন্তব্য করেছেন, “আওয়ামী লীগের ফ্যাসিবাদ আর ভারতীয় আধিপত্যবাদ শুধু দলীয় রাজনৈতিক প্রজেক্ট ছিল না, এটি বাস্তবায়নে অন্য মহলও ভূমিকা রেখেছে। এই শাহবাগীদেরও বিচার ও সামাজিক দায়বদ্ধতার মুখোমুখি করতে হবে।”
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন চকবাজার থানায় হত্যা মামলা করেন তার বাবা বরকত উল্লাহ। তদন্ত শেষে পুলিশ ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে, যেখানে বলা হয়, “আসামিরা ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে হত্যা করে।”
২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ২০২২ সালের ৬ জানুয়ারি রায় অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়, যা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
আবরারের পরিবার দ্রুত রায় কার্যকরের আহ্বান জানিয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলেছে।