পানির প্রবাহ বন্ধ হলে তা ‘যুদ্ধের কাজ’ হবে: পাকিস্তানের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পাকিস্তানের পানির প্রবাহ যদি বন্ধ বা বাঁকানো হয়, তবে তা ‘যুদ্ধের কাজ’ হিসেবে বিবেচিত হবে।
সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে দার বলেন, “জাতীয় স্বার্থে কখনও কখনও দেশগুলোকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যেমনটা আমরা ৯ মে রাতে নিয়েছিলাম।” তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রেখে ইতিবাচক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা চাই পুরো প্রক্রিয়াটি মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে এগিয়ে যাক।”
কাশ্মীর ইস্যুতে দার বলেন, এটি শুধু পাকিস্তানের দাবি নয়, বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধ। তিনি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে বলেন, “সবকিছু আলোচনা ও শান্তিপূর্ণ পথে সমাধান হওয়া উচিত।”
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে ‘গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে দার বলেন, “এই দীর্ঘমেয়াদি বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্রসহ তৃতীয় পক্ষের সহায়তা দরকার।” তিনি আরও বলেন, “এই সমস্যার সমাধান দুই দেশের যৌথ প্রচেষ্টায় সম্ভব। এক হাতে তালি বাজে না। একতরফাভাবে কিছু করা যাবে না।” পাশাপাশি দার স্পষ্ট করে জানান, পাকিস্তান উত্তেজনা বাড়াতে চায় না, বরং ইতোমধ্যেই তাদের কৌশলগত ভারসাম্য ও সার্বভৌম মর্যাদা প্রদর্শন করেছে।