রাশিয়ার কাছে সামরিক সহায়তা চায় ইরান
আন্তর্জাতিক ডেস্ক । সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার কাছ থেকে জোরালো সামরিক ও রাজনৈতিক সহায়তা প্রত্যাশা করছে ইরান। এমনটাই জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফুয়াদ ইজাদি।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-র সাম্প্রতিক মস্কো সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরের মাধ্যমে তেহরান মস্কোর কাছ থেকে কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে চাইছে।
বিশেষ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। ইজাদির মতে, বর্তমান পরিস্থিতিতে এটি আরও শক্তিশালী করা জরুরি। এজন্য উন্নত সামরিক প্রযুক্তি পেতে রাশিয়ার দিকে তাকিয়ে আছে তেহরান।
সামরিক সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতেও রাশিয়ার সমর্থন চায় ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার ভেটো ক্ষমতা ইরানের জন্য গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার।
সম্প্রতি বাহরাইন ও যুক্তরাষ্ট্রের উত্থাপিত একটি ইরানবিরোধী প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছে। ফলে আন্তর্জাতিক মঞ্চে মস্কোকে একটি নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র হিসেবে দেখছে তেহরান।
বিশ্লেষকদের মতে, ইরান-রাশিয়া সম্পর্ক নতুন নয়। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই দুই দেশের মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক আরও গভীর হয়েছে।
ধারণা করা হচ্ছে, মস্কো সফরে ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং চলমান সংকটে সক্রিয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সহযোগিতা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।