রূপপুরে জ্বালানি লোডিং, পারমাণবিক যুগে দেশ
নিজস্ব প্রতিবেদক ,সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
এক দশকের দীর্ঘ প্রস্তুতি শেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-এর প্রথম ইউনিটে মঙ্গলবার জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে।
মঙ্গলবার বিকেলে প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি প্রবেশের মাধ্যমে এই ঐতিহাসিক যাত্রার সূচনা হবে। এর আগে গত ১৬ এপ্রিল কমিশনিং কার্যক্রমের অংশ হিসেবে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স পেয়েছে প্রকল্পটি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সব ধরনের নিরাপত্তা ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর ফলে বহু প্রতীক্ষিত এই কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে।
এই প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত না থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জ্বালানি লোডিং সম্পন্ন হতে প্রায় ৪৫ দিন সময় লাগবে। এরপর পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু হলে একটি ইউনিট থেকেই প্রায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। আর দুটি ইউনিট চালু হলে মোট উৎপাদন দাঁড়াবে ২৪০০ মেগাওয়াটে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করবে।
পদ্মা নদীর তীরে ঈশ্বরদীতে নির্মিত এই প্রকল্পে অত্যাধুনিক ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে। ইতোমধ্যে ৫৯ জন বাংলাদেশি বিশেষজ্ঞ অপারেটিং লাইসেন্স পেয়েছেন, যা দেশের কারিগরি সক্ষমতার বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্প চালু হলে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এবং টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে।