৭ জেলায় ই-বেইলবন্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট । সোমবার, ২০ এপ্রিল ২০২৬
বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে দেশের সাতটি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনের আওতায় থাকা জেলাগুলো হলো—বগুড়া, নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট। এর মাধ্যমে জামিন সংক্রান্ত প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নতুন ভবনের নামফলক উন্মোচন করেন। এরপর তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। সেখানে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। বগুড়ায় তাকে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
সরকার বলছে, ই-বেইলবন্ড চালুর ফলে বিচারপ্রার্থীদের সময় ও খরচ কমবে। একই সঙ্গে আদালতের কার্যক্রম আরও স্বচ্ছ ও আধুনিক হবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ এবং হামের টিকাদান কার্যক্রম পরিদর্শন।
এছাড়া বিকালে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সব কর্মসূচি শেষে রাতে তিনি ঢাকায় ফিরবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বিচারব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।