একুশে ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধায় নিরাপত্তা নিশ্চিত: ডিএমপি - দিগন্ত জার্নাল

একুশে ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধায় নিরাপত্তা নিশ্চিত: ডিএমপি

শহীদ মিনার ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করছে পুলিশ ও র‍্যাব

নিজস্ব প্রতিবেদ । জাতীয় । শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। নির্বাচনকালে যেভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, ঠিক সেই পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি পরিদর্শনকালে কমিশনার এই কথা জানান। তিনি বলেন, “কয়েক দিন আগে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি বা বিচ্যুতি ঘটেনি। আশা করছি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময়ও নিরাপত্তার কোনো সমস্যা হবে না।”

বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা

ডিএমপি কমিশনার জানিয়েছেন, শহীদ মিনার ও আশেপাশের এলাকায় ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। সঙ্গে থাকবে স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বহুস্তরের ব্যবস্থা।

তিনি আরও বলেন, “শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার রোড ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। অন্য কোনো রোড দিয়ে প্রবেশ নিষেধ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর বা চাঁনখানপুল দিয়ে বের হতে হবে। শহীদ মিনারে ধারালো বা দাহ্য কোনো পদার্থ বহন করা যাবে না।”

আধুনিক প্রযুক্তি ও বিশেষ বাহিনী মোতায়েন

র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানান, দুর্ঘটনা প্রতিরোধে বোম্ব ডিস্পোজাল ইউনিট, সিসিটিভি ক্যামেরা, ডগ স্কোয়াডসহ নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশে ৬৪টি সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চলবে। পাশাপাশি দেশে অন্যত্রও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় জনসমাগম এবং নিরাপত্তা উভয়ই নিশ্চিত করার জন্য এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Home » একুশে ফেব্রুয়ারি নিরাপত্তা
an adbox will go here