২৬ ফেব্রুয়ারি একুশে পদক ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান। এদিন সকালে একুশে পদক প্রদান এবং বিকেলে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী।
সংস্কৃতি মন্ত্রী আরও জানান, একই দিনের বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠান দুটি ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নিরাপত্তা, শৃঙ্খলা ও সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।
এদিকে এবারের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। প্রকাশকরা এ সিদ্ধান্তকে বইমেলা ও প্রকাশনা শিল্পের জন্য ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা ভাষা আন্দোলন, সাহিত্য, সংস্কৃতি, গবেষণা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।