বগুড়ার শিবগঞ্জে নাগরিক ঐক্যের আহ্বায়ক ছুরিকাহত
দিগন্ত জার্নাল ডেস্ক:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম ছুরিকাহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত একটার দিকে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে তিনি হামলার শিকার হন। বাম চোখ ও উরুতে ছুরিকাঘাতের কারণে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকালে শহীদুল ইসলাম জানান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুনের নেতৃত্বে একদল যুবক তার ওপর হামলা চালায়। তিনি নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সরকারকে রক্ষার চেষ্টা করলে তার ওপর হামলা হয় বলে অভিযোগ করেন। তবে অভিযুক্ত ছাত্রদল নেতা মীর মুন এ অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি রাজনৈতিক দ্বন্দ্বের কারণে শিবগঞ্জে বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এই দ্বন্দ্বের জেরেই শহীদুল ইসলাম হামলার শিকার হয়েছেন বলে অনেকে ধারণা করছেন।
এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. তাসনিমুজ্জামান এবং শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন হাসপাতালে গিয়ে আহত নেতার খোঁজ নেন।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, এখন পর্যন্ত ঘটনায় জড়িতদের চিহ্নিত করা সম্ভব হয়নি এবং আহত শহীদুল ইসলামও কারও নাম উল্লেখ করেননি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।