পটুয়াখালীতে চেয়ারম্যান রাইসুলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রকল্প দুর্নীতির অভিযোগ - দিগন্ত জার্নাল

পটুয়াখালীতে চেয়ারম্যান রাইসুলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রকল্প দুর্নীতির অভিযোগ

দিগন্ত জার্নাল ডেস্ক :

পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ১৬টি প্রকল্পের কাজ না করেই প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় গত ৯ মার্চ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মৌকরন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।

অভিযোগে জানানো হয়, চেয়ারম্যান সেলিম বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে টাকা আত্মসাৎ করেছেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে, মৌকরন বাজারে দুটি রাস্তা পাকাকরণ, দুটি ড্রেন নির্মাণ, বালুভরাট ও সিসি ক্যামেরা স্থাপন, রাস্তা নির্মাণ ও পুনর্নির্মাণের একাধিক প্রকল্প। এছাড়া, ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের একটি রাস্তা আরসিসি ঢালাই প্রকল্পের ব্যয় ২ লাখ ৮৩ হাজার ৪৯১ টাকা দেখানো হলেও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল হক শিকদার দাবি করেছেন, তিনি প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না।

অভিযোগকারী আবুল কালাম আজাদ বলেন, ‘আমাকে একটি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হিসাবে দেখানো হলেও আমি প্রকল্প সম্পর্কে জানি না।’ চেয়ারম্যান সেলিম এ অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে বলেন, ‘মূলত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তদন্ত হলে আমি দোষী প্রমাণিত হলে সরকার ব্যবস্থা নিতে পারে।’

এদিকে, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে তদন্তের জন্য নির্দেশনা দিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা জানান, অভিযোগগুলোর বিষয়ে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।

an adbox will go here