সেন্টমার্টিনে পর্যটন জাহাজ চলাচল শুরু আজ
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । সোমবার , ১ ডিসেম্বর ২০২৫
নানা জটিলতা ও প্রশাসনিক সিদ্ধান্তের পর আজ থেকে সেন্টমার্টিনগামী পর্যটনবাহী জাহাজ চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে তিনটি জাহাজ—কর্ণফুলী এক্সপ্রেস, এমবি বারো আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ—দ্বীপের উদ্দেশে রওনা দেবে। সংশ্লিষ্টরা জানান, আরও চারটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে এবং অনুমোদন মিললেই সেগুলোও চলাচলে যুক্ত হবে। ডিসেম্বর ও জানুয়ারি—এই দুই মাস নিয়মিতভাবে এখান থেকেই পর্যটক পরিবহন পরিচালিত হবে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন দুই হাজারের বেশি টিকিট বিক্রি করা হবে না এবং যাত্রীর ভ্রমণ অনুমতিও কর্তৃপক্ষ সরবরাহ করছে। প্রস্তুত থাকা অতিরিক্ত জাহাজগুলো হলো এমভি বে ক্রুজ, এমভি কাজল, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন এবং আটলান্টিক ক্রুজ।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বলেন, চারটি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের ঘোষিত ১২ দফা নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। নিরাপত্তার কারণে এবার টেকনাফ ঘাট থেকে কোনো জাহাজ ছাড়বে না; সব যাত্রাই হবে কক্সবাজার শহর থেকে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দ্বীপে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি তল্লাশি থাকবে এবং পলিথিন, মোটরযান, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশসহ নিষিদ্ধ কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পর্যটকদের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত অনলাইন টিকিট বাধ্যতামূলক।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারি পর্যন্ত ভ্রমণ চালু থাকলেও ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন নয় মাস পর্যটকমুক্ত থাকবে। নভেম্বরে শুধু দিনের বেলায় ভ্রমণ সম্ভব হলেও ডিসেম্বর–জানুয়ারিতে রাতযাপন করা যাবে।