বিচারকের ছেলে হত্যা: রাজশাহীতে আসামি লিমনের ৫ দিনের রিমান্ড
ডেস্ক রিপোর্ট । সারাদেশের সংবাদ । রোববার, ১৬ নভেম্বর ২০২৫
বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের ৫ দিনের রিমান্ড
রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তৌসিফ হত্যা এবং স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় একমাত্র আসামি লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে, শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–২-এর বিচারক মামুনুর রশিদ পাঁচ দিনের রিমান্ড দেন।
এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমনের ভিডিও বয়ান সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় রাজশাহী মহানগর পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ পাঠিয়ে আদালতে তলব করা হয়েছে। একই ঘটনায় রাজপাড়া থানার এক এসআইসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তার মতে, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে লিমনকে জিজ্ঞাসাবাদ জরুরি। বিচারকের স্ত্রী সুস্থ হলে তার জবানবন্দি নেওয়া হবে।
এদিকে নিহত তৌসিফকে শুক্রবার রাতে জামালপুরে দাফন করা হয়। পরিবার জানায়, তৌসিফ ছিল শান্ত ও সরল স্বভাবের ছেলে, পরিবারের সকলের প্রিয়।