নেত্রকোনায় ছাত্রদলের শোকরানা দোয়া ও খাবার বিতরণ
নেত্রকোনা সংবাদদাতা । বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নির্বাচিত হওয়া এবং নেত্রকোনা–১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় নেত্রকোনায় শোকরানা দোয়া ও খাবার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ (বুধবার ১৮ ফেব্রুয়ারি ) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার বেতাটি এলাকার মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশেষ মোনাজাতের মাধ্যমে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ব্যারিস্টার কায়সার কামাল প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় নেত্রকোনায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নেতারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।