আফগানিস্তানে শিলাবৃষ্টিতে ২৯ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের ফারাহ ও কান্দাহার প্রদেশে শিলা ও ভারি বৃষ্টিপাতে অন্তত ২৯ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।
ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার জানিয়েছেন, প্রদেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি ও ভারি বর্ষণে ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জন আহত হয়েছেন।
এছাড়া কান্দাহার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারি বর্ষণে ৮ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আফগানিস্তান ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। দেশটি জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্বের ষষ্ঠ সর্বাধিক ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে।
২০২৩ সালের মে মাসে আকস্মিক বন্যায় আফগানিস্তানে শত শত মানুষ নিহত হন এবং কৃষিজমি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল হওয়ায় এসব প্রাকৃতিক দুর্যোগ তাদের জীবিকা কঠিন করে তুলছে।