আন্দোলনে নিহত ও আহত পরিবারকে ৪৭ কোটি টাকার সহায়তা প্রদান: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
নিউজ ডেস্ক:
ছাত্র-জনতার আন্দোলনে হতাহত দুই হাজার ২২৯ ব্যক্তির পরিবারকে সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মধ্যে ৬২৮টি নিহত ব্যক্তির পরিবার এবং এক হাজার ৬০১টি আহত ব্যক্তির পরিবার সহায়তা পেয়েছে। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানান, ফাউন্ডেশনের তহবিলে এখন পর্যন্ত ১০৯ কোটি ২০ লাখ ৫ টাকা জমা হয়েছে। এর মধ্যে ৪৭ কোটি ৩২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বর্তমানে তহবিলে ৬১ কোটি টাকা অবশিষ্ট রয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে এখনো ১৯৮টি পরিবারের সহায়তা প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ তালিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জানুয়ারি মাসে নিহতদের পরিবারকে আরও বড় অংকের আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।