যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের কঠোর হুঁশিয়ারি - দিগন্ত জার্নাল

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে দিয়েছে যে, দেশ দুটির পক্ষ থেকে কোনো আগ্রাসন চালানো হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেওয়ার পর ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। এতে ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়ে ওয়াশিংটন ও তেল আবিবকে সতর্ক করা হয়েছে।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি নিরাপত্তা পরিষদের সভাপতি ক্রিস্টিনা মার্কাস ল্যাসেন ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পাঠানো এক চিঠিতে জানান, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ড ঘটলে তার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রের। চিঠিতে উল্লেখ করা হয়, ৩০ মার্চ ২০২৫ তারিখে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি তারা (ইরান) চুক্তি না করে, তাহলে বোমাবর্ষণ হবে। এমন বোমাবর্ষণ, যা তারা আগে কখনো দেখেনি।’

ইরানের দাবি, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি নিষিদ্ধ। ইরান অভিযোগ করেছে, ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প আন্তর্জাতিক নিয়ম-কানুন উপেক্ষা করে স্বাধীন রাষ্ট্রগুলোকে বলপ্রয়োগের হুমকি দিয়ে আসছেন, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ইরান বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় ও নিরাপত্তা পরিষদ যদি নীরব থাকে, তবে এটি ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করবে। ইরান বরাবরই আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার পক্ষে থাকলেও প্রয়োজনে কঠোর প্রতিক্রিয়া জানাবে। যুক্তরাষ্ট্র বা ইসরাইল ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হানলে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে এবং তার জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে দায়ী থাকবে।

an adbox will go here