আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা, উত্তেজনা বৃদ্ধি
অনলাইন ডেস্ক । আন্তর্জাতিক । রোববার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
আফগানিস্তান-এর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে পাকিস্তানি সামরিক বাহিনী এই হামলা পরিচালনা করে বলে আন্তর্জাতিক ও আঞ্চলিক সূত্র জানিয়েছে।
হামলার বিষয়ে এখন পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে আফগান সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, অন্তত দুটি প্রদেশে একযোগে ড্রোন হামলা চালানো হয়েছে।
সূত্র জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় একটি ড্রোন হামলা হয়। একই সময় পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশেও পৃথক হামলার ঘটনা ঘটে। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য এখনো নিশ্চিত করা হয়নি।
এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানি সেনাবাহিনী সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তাদের সহযোগী গোষ্ঠীর সাতটি গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়েছে। বিবৃতিতে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি সশস্ত্র গোষ্ঠীর ক্যাম্পেও অভিযানের কথা উল্লেখ করা হয়।
পাকিস্তানের দাবি, সাম্প্রতিক সময়ে ইসলামাবাদে একটি মসজিদে হামলাসহ কয়েকটি বড় সন্ত্রাসী কর্মকাণ্ড আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতাদের নির্দেশনায় সংঘটিত হয়েছে।
এর আগে শনিবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু এলাকায় আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন। বিশ্লেষকদের মতে, এসব ঘটনার প্রেক্ষাপটে পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।