ভারতের গুজরাট ও পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২১ জনের মৃত্যু - দিগন্ত জার্নাল

ভারতের গুজরাট ও পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ ও গুজরাটে দুটি আতশবাজির কারখানায় পৃথক বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে এসব ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে গুজরাটের বানসকাঁঠা জেলার দিসায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণ ঘটে, যাতে অন্তত ১৩ জন নিহত হন এবং ৬ জন আহত হন। জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ করছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

এর আগে, সোমবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার ঢোলাহাটের রায়পুরে একটি আতশবাজি মজুত করা বাড়িতে বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের ৪ শিশুসহ ৮ জন নিহত হন। পুলিশ জানায়, বাড়িটি ‘বণিক বাড়ি’ নামে পরিচিত এবং এই পরিবার আতশবাজি তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। বিস্ফোরণের সময় বাড়ির গ্যাস সিলিন্ডারেও আগুন ধরে যায়।

এলাকাবাসীর দাবি, আতশবাজির কারখানাটি সরিয়ে নেওয়ার জন্য তারা আগেই আবেদন করেছিলেন, কিন্তু সেটি উপেক্ষা করা হয়। ঘটনার পর থেকে বাড়ির দুই সহোদর চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিক নিখোঁজ রয়েছেন।

গুজরাটের ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। বানসকাঁঠা জেলার কালেক্টর মিহির প্যাটেল জানান, বিস্ফোরণে কারখানার আরসিসি স্ল্যাব ধসে পড়েছে, এবং ধ্বংসাবশেষ সরাতে জেসিবি মেশিন ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের সময় কারখানায় কাজ চলছিল এবং কমপক্ষে ৩৫ জন কর্মী উপস্থিত ছিলেন। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিস্ফোরণের সময় প্রকৃতপক্ষে কতজন কর্মী ছিলেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি কর্মকর্তারা।

an adbox will go here