ঢাকায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন - দিগন্ত জার্নাল

ঢাকায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজধানীসহ সারা দেশে ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। গত দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেড়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকে ঢাকার আকাশ কুয়াশার চাদরে ঢাকা। বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশায় রাস্তাঘাট ভিজে গেছে, আর যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

ছুটির দিন হওয়ায় রাস্তায় মানুষের ভিড় কম। তবে যারা বের হচ্ছেন, তারা কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে ভোগান্তিতে পড়ছেন। একাধিক গরম পোশাকেও শীত সামলানো কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে নাজুক অবস্থায় খেটেখাওয়া ও ছিন্নমূল মানুষ, যারা সামান্য উষ্ণতার জন্য অপেক্ষায় আছেন।

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন স্থানে তীব্র শীত অনুভূত হতে পারে।

মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা বিমান চলাচল, নদী পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটাতে পারে।

আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর শেষের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

এই প্রতিকূল আবহাওয়ায় জনসাধারণকে সাবধানতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজনীয় উষ্ণ পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

an adbox will go here