মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । সোমবার , ১৭ নেভেম্বর ২০২৫
ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে বহুল আলোচিত রায় ঘোষণা করেছে। জুলাই–আগস্টের ছাত্র আন্দোলন দমনে সংঘটিত নৃশংসতার পাঁচটি অভিযোগই তিন আসামির বিরুদ্ধে প্রমাণিত হয়।
রায়ে শেখ হাসিনাকে একটি অভিযোগে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’র ভিত্তিতে আমৃত্যু কারাদণ্ড এবং তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ১৪ জুলাইয়ের সংবাদ সম্মেলনে তার উসকানিমূলক বক্তব্য আন্দোলনকারীদের ওপর সহিংস অভিযানের পথ তৈরি করে—এ অভিযোগেও তিনি দায়ী সাব্যস্ত হন। আরেক অভিযোগে আন্দোলন দমনে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়াকে আন্তর্জাতিক মানবতাবিরোধী আইন লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়। চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে চানখাঁরপুল ও আশুলিয়ার হত্যাকাণ্ডে নেতৃত্ব ও সহায়তার প্রমাণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
মামলার একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ভূমিকা থাকার পরও আদালতে সহযোগিতার কারণে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনাল জানায়, এসব অপরাধ ছিল “ব্যাপক, পরিকল্পিত ও রাষ্ট্রীয় শক্তির অপব্যবহারের চরম উদাহরণ”। রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় দিনভর কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়।
শেখ হাসিনার বিরুদ্ধে গুম-খুন ও শাপলা চত্বরের ঘটনায় আরও তিনটি মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারাধীন রয়েছে।