এপ্রিলজুড়ে তীব্র তাপপ্রবাহ ও ঝড়বৃষ্টির পূর্বাভাস
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা, ৩ এপ্রিল ২০২৫: এপ্রিলজুড়ে মৃদু নয়, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রয়েছে ঘূর্ণিঝড় ও কালবৈশাখির শঙ্কা।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আজ বৃহস্পতিবার সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৫ এপ্রিল থেকে কোথাও কোথাও বৃষ্টি শুরু হতে পারে, যা ৬ এপ্রিল দেশজুড়ে বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টিতে রূপ নিতে পারে। বৃষ্টির পর তাপপ্রবাহ কিছুটা কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেটের দু-এক স্থানে এবং শনিবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বঙ্গোপসাগরে এ মাসে একটি বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া, পাঁচ থেকে ছয় দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি মাত্রার এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখি ঝড়ের আশঙ্কা রয়েছে।
এ মাসে দেশে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।