ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় প্রাণহানি ৪, আহত ২০
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন।
( ৩ জানুয়ারী ২০২৫) শুক্রবার ভোর ৫টার দিকে হাসাড়া এলাকায় ঢাকামুখি লেনে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে দুজন প্রাণ হারান। অন্যদিকে,(২ জানুয়ারী২০২৫) বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় কাভার্ডভ্যানের পেছনে একটি মিনিবাস ধাক্কা দিলে আরও দুজনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় নিহতরা হলেন-
১. আব্দুল্লাহ পরিবহণের হেলপার মো. জীবন (৪৪), শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের বাসিন্দা।
২. যাত্রী মো. রায়হান (২৭), সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।
তাঁদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
শুক্রবার ভোরে দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে পেছন থেকে ধাক্কা দেয় একটি মিনি বাস। এতে বাসটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি জানান, মিনিবাসটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। ফলে বাসটির ছাদ উড়ে যায় এবং মারাত্মক ক্ষতি হয়। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
এর আগে, গত শুক্রবার ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ছয়জন নিহত এবং চারজন আহত হওয়ার ঘটনা ঘটে।