গাজায় ইসরাইলি হামলায় শহীদ ১১২, আশ্রয়কেন্দ্রে গণহত্যা - দিগন্ত জার্নাল

গাজায় ইসরাইলি হামলায় শহীদ ১১২, আশ্রয়কেন্দ্রে গণহত্যা

দিগন্ত জার্নাল ডেস্ক:


৪ এপ্রিল ২০২৫ শুক্রবার:

গাজায় ইসরাইলি হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার তিনটি স্কুলে আশ্রয় নেওয়া নির্যাতিত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর চালানো হামলায় ৩৩ শিশু ও নারী প্রাণ হারিয়েছেন।

এদিকে, গাজার দক্ষিণাঞ্চল থেকে আরও ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ দিয়েছে ইসরাইল। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ১৮ মার্চ ইসরাইল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

গাজার তুফ্ফাতে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে চারটি মিসাইল নিক্ষেপ করেছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ২৯ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। শুধু এই হামলাতেই নিহত হয়েছেন ২৯ জন, আর একদিনে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১০০।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি বলেছেন, ইসরাইলি বাহিনীর হাতে ১৫ জন চিকিৎসাকর্মী ও জরুরি সেবাকর্মী নিহত হয়েছেন, যা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি এটিকে ‘গাজায় চলমান যুদ্ধের অন্যতম অন্ধকারতম মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।

গাজার জরুরি উদ্ধারকারী সংস্থার এক মুখপাত্র বলেছেন, ইসরাইলের এই গণহত্যা বন্ধে বিশ্বকে এখনই এগিয়ে আসতে হবে। যেন আর কোনো নারী, শিশু ও বৃদ্ধ হত্যা না হয়। তিনি বলেন, “এটি শুধুমাত্র গণহত্যা নয়, এটি ইসরাইলের উন্মত্ততা। তারা আশ্রয়কেন্দ্রে থাকা নারী ও শিশুদের হত্যার জন্য পাগল হয়ে উঠেছে। দার আল-আরকাম স্কুলে সরাসরি হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।”

আহতদের মধ্যে শতাধিক মানুষকে আল আহলি-আরব হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকারী সংস্থার মুখপাত্র আরও বলেন, “এখানে যা হচ্ছে, সেটি বিশ্ববাসীর জন্য জেগে ওঠার ডাক। নারী ও শিশুদের বিরুদ্ধে এই যুদ্ধ এবং গণহত্যা এখনই বন্ধ হওয়া উচিত।”

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া, ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে। তবুও থেমে নেই তাদের বর্বরতা।

an adbox will go here