হামাসের বিরুদ্ধে যুদ্ধের জেরে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন
দিগন্ত জার্নাল ডেস্ক:
হামাসের বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযানের কারণে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কোলম্বিয়া। এরই মধ্যে ইসরাইলি যুদ্ধবিমান বাদ দিয়ে সুইডেনের কোম্পানি সাব থেকে ২৪টি যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে দেশটি। সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।
কোলম্বিয়ার এয়ারস্পেস ফোর্সের প্রধান কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা জানিয়েছেন, তারা সাবের সঙ্গে চুক্তির বিস্তারিত বিষয়ে এখনো কাজ করছে। ফলে চূড়ান্তভাবে ২৪টি নাকি কম সংখ্যক বিমান কেনা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
বর্তমানে কোলম্বিয়ার কাছে ২২টি ইসরাইলি তৈরি কফির যুদ্ধবিমান রয়েছে, যেগুলো ১৯৮০-এর দশকে কেনা হয়েছিল। এসব বিমানের রক্ষণাবেক্ষণ কেবলমাত্র ইসরাইলি কোম্পানির মাধ্যমেই সম্ভব। মূলত দেশটির সন্ত্রাসী গেরিলা গোষ্ঠী দমনের জন্য বিমানগুলো ব্যবহার করা হয়।
নতুন যুদ্ধবিমান কেনার ঘোষণার ফলে কোলম্বিয়া-ইসরাইল সম্পর্কের অবনতি স্পষ্ট হয়েছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর প্রশাসন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সুইডেনের প্রস্তাবনা পর্যালোচনা করছে। তবে এয়ারস্পেস ফোর্সের প্রধান কমান্ডার জানিয়েছেন, চুক্তি সম্পন্ন হলে নতুন বিমানগুলো ধীরে ধীরে পুরনো বিমানগুলোর স্থলাভিষিক্ত হবে।