ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস, উঠছে সাংবিধানিক বৈধতার প্রশ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫: সম্প্রতি ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও রাজনৈতিক তোলপাড়। এবার বিলটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। বিষয়টি নিশ্চিত করেছেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
গত বৃহস্পতিবার লোকসভায় ২৮৮ ভোটে বিলটি পাস হয়, যেখানে ২৩২ জন সদস্য এর বিপক্ষে ভোট দেন। পরদিন শুক্রবার রাজ্যসভায় টানা ১৩ ঘণ্টার বিতর্ক শেষে বিলটি পাস হয়। রাজ্যসভায় এর পক্ষে ভোট পড়ে ১২৮টি এবং বিপক্ষে ৯৫টি।
জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, “ভারতীয় জাতীয় কংগ্রেস খুব শিগগিরই সুপ্রিম কোর্টে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করবে। সংবিধান, নীতিমালা এবং গণতান্ত্রিক কাঠামোর ওপর মোদি সরকারের আক্রমণের বিরুদ্ধে আমরা প্রতিরোধ চালিয়ে যাব।”
বিরোধীরা বলছে, এই বিল মুসলিমদের ধর্মীয় ও সম্পত্তির অধিকার খর্ব করবে এবং এটি সংবিধানের ২৫ ও ২৬ অনুচ্ছেদের লঙ্ঘন। বিরোধীদের মতে, সরকারের এই পদক্ষেপ মুসলিমদের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশল এবং একে ‘মুসলিম-বিরোধী’ আখ্যা দিয়ে সংসদে তীব্র প্রতিবাদ জানান তারা।
অন্যদিকে, সরকার বলছে, এটি সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে আনা ঐতিহাসিক সংস্কার, যা ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
কংগ্রেস জানিয়েছে, এর আগেও তারা নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯, তথ্য অধিকার আইন সংশোধনী, ২০১৯, নির্বাচন বিধিমালা সংশোধনী, ২০২৪ এবং উপাসনাস্থল আইন, ১৯৯১-এর মতো বিষয়গুলোতেও সুপ্রিম কোর্টে মামলা করেছে এবং প্রতিটি ইস্যুতে শুনানি চলছে।
বিলটি এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে কংগ্রেসের ঘোষণার পর স্পষ্ট যে, এটি শুধু আইনি নয়, রাজনৈতিকভাবেও এক দীর্ঘ লড়াইয়ের সূচনা করেছে।