গত ২৪ ঘণ্টায় গাজায় শহীদ ৮৬, আহত অন্তত ২৮৭ জন - দিগন্ত জার্নাল

গত ২৪ ঘণ্টায় গাজায় শহীদ ৮৬, আহত অন্তত ২৮৭ জন

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৮৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ২৮৭ জন। শুক্রবার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫০ হাজার ৬০৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৩ জন, যাদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের ইসরাইলের ভূখণ্ডে ঢুকে চালানো হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। ১৫ মাসের টানা অভিযানের পর চলতি বছরের ১৯ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা এলেও তা দুই মাস না যেতেই ১৮ মার্চ থেকে আবারও হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। দ্বিতীয় দফার এই অভিযানে গত ১৫ দিনে গাজায় প্রাণ হারিয়েছেন আরও ১ হাজারের বেশি মানুষ। হামাসের হাতে জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে বর্তমানে ৩৫ জন জীবিত আছেন বলে ধারণা করছে আইডিএফ, যাদের উদ্ধারে অভিযান চলবে বলেও ঘোষণা দিয়েছে তারা। এদিকে, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় হামলা বন্ধে ইসরাইলকে একাধিকবার আহ্বান জানালেও প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। ইতোমধ্যে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগও দায়ের করা হয়েছে।

an adbox will go here