জুলাই বিপ্লবে হামলার মামলায় আওয়ামী সমর্থক ৭০ আইনজীবী কারাগারে - দিগন্ত জার্নাল

জুলাই বিপ্লবে হামলার মামলায় আওয়ামী সমর্থক ৭০ আইনজীবী কারাগারে

দিগন্ত জার্নাল ডেস্ক:

রোববার, ৬ এপ্রিল ২০২৫ || জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগপন্থী ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ৯ জন নারী আইনজীবী। রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি ও বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার ১৪৪ আসামির মধ্যে ১১৫ জন উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন, যার মেয়াদ শেষ হবে আগামীকাল সোমবার। আজ রোববার তাদের মধ্যে ৮০ জন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ দাবি করে, তারা জামিনে থেকে কখনোই পলাতক হননি। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ৭০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, তারা আন্দোলনের সময় সহকর্মী আইনজীবীদের ওপর বর্বর হামলা চালায়, চেম্বার ভাঙচুর করে এবং হত্যাচেষ্টা করে। মামলাটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

an adbox will go here