গাজায় গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাক
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ || গাজায় ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান জানিয়েছে ‘দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন’। ফিলিস্তিনভিত্তিক এই সংগঠন রোববার এক বিবৃতিতে জানায়, আগামীকাল সোমবার (৭ এপ্রিল) বিশ্বজুড়ে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। খবর ওয়াফা নিউজ এজেন্সির।
বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরাইলের ভয়াবহ নৃশংসতা, নারী ও শিশুহত্যা এবং লাখো মানুষকে গৃহচ্যুত করার প্রতিবাদে আন্তর্জাতিকভাবে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ জোরদারের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এদিকে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে বাংলাদেশেও তরুণ সমাজ সোচ্চার ভূমিকা রাখছে। সামাজিক মাধ্যমে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির পক্ষে আহ্বান জানিয়ে সরব হয়েছেন অনেকে।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম এক ফেসবুক পোস্টে লেখেন, “গাজার মজলুম ভাইবোনেরা বিশ্বব্যাপী হরতালের আহ্বান জানিয়েছেন। আমাদের উচিত শুধু স্কুল-কলেজ-অফিস বন্ধ না রেখে রাজপথে নেমে প্রতিবাদ জানানো। আমরা সরাসরি গাজায় না যেতে পারলেও অন্তত আমাদের ভূমি থেকে তাদের সংগ্রামে একাত্মতা প্রকাশ করতে পারি।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. সাদিক কায়েমও তার পোস্টে বলেন, “গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হিসেবে আগামীকাল ৭ এপ্রিল ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি সফল করুন।”
উল্লেখ্য, গাজায় ইসরাইলের আগ্রাসনে এখন পর্যন্ত হাজারো নারী, শিশু ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে।