দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের কিছু এলাকায় হতে পারে বৃষ্টি - দিগন্ত জার্নাল

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের কিছু এলাকায় হতে পারে বৃষ্টি


দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ || চৈত্রের শুরুতেই দেশে গরমের প্রভাব বাড়লেও দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। পর্যায়ক্রমে এটি সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

এদিকে ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু স্থানে প্রশমিত হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার অনুরূপ প্রবণতা বজায় থাকতে পারে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

an adbox will go here