১৪টি দেশের জরুরি খাদ্য সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র, ‘মৃত্যুদণ্ডের শামিল’ বলছে ডব্লিউএফপি
আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ || যুক্তরাষ্ট্র ১৪টি দেশের জন্য জরুরি খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি বলছে, এই সিদ্ধান্ত লাখ লাখ ক্ষুধার্ত ও অনাহারী মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে এবং বাস্তবায়িত হলে তা হবে “মৃত্যুদণ্ডের শামিল”।
মঙ্গলবার (৮ এপ্রিল) আরব নিউজ-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ডব্লিউএফপি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছে, ১৪টি দেশের জন্য নতুন আমেরিকান সহায়তা বন্ধের বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে পরামর্শ দেওয়া হয়েছে। তবে ঠিক কোন কোন দেশে সহায়তা বন্ধ করা হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি সংস্থাটি।
ডব্লিউএফপি-র পক্ষ থেকে বলা হয়েছে, “এই সহায়তা বন্ধ হলে চরম ক্ষুধা ও অনাহারের মুখোমুখি লাখ লাখ মানুষের জন্য এটি মৃত্যুদণ্ডের মতো হবে।”
এটি শুধু ডব্লিউএফপি নয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) সহ আরও একাধিক সংস্থাও মার্কিন তহবিল হ্রাসের ধাক্কায় পড়েছে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে ইউএনএফপিএ-র দুটি কর্মসূচি বন্ধ হচ্ছে—একটি আফগানিস্তানে এবং অন্যটি সিরিয়ায় পরিচালিত ছিল।
এদিকে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, সাম্প্রতিক মাসগুলোতে অন্যান্য দাতাও তহবিল কমানোর ঘোষণা দিয়েছে। এতে এনজিও ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্বব্যাপী মানবিক সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান দাতা। ট্রাম্প প্রশাসন অধীন ইউএসএআইডি এর বাজেট ছিল ৪২.৮ বিলিয়ন ডলার, যা বৈশ্বিক সহায়তার ৪২ শতাংশ জোগান দিত। বাজেট ও সহায়তা হ্রাসের এ প্রবণতা মানবিক সংকট আরও তীব্র করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।