চট্টগ্রামে ‘জুলাই স্মৃতি উদ্যান’ উন্মুক্ত
দিগন্ত জার্নাল ডেস্ক :
অবশেষে দশ বছরের দীর্ঘ অপেক্ষার পর চট্টগ্রামের নগরবাসীর জন্য উন্মুক্ত হলো ‘জুলাই স্মৃতি উদ্যান’। শুক্রবার দুপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এই উদ্যানটি উদ্বোধন করেন।
জাতিসংঘ পার্ক নামে পরিচিত এই উদ্যানটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জুলাই স্মৃতি উদ্যান’। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের সময় আদিলুর রহমান খান বলেন, “জুলাই-আগস্টের শহিদ ওয়াসিম আকরামের স্মরণে চট্টগ্রামে একটি উড়াল সেতু ও এই উদ্যানের নামকরণ করা হয়েছে। এটি যেন ভবিষ্যৎ প্রজন্মকে শহিদদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।”
হ
২০২২ সালে ১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে উদ্যানটির আধুনিকায়ন প্রকল্প গ্রহণ করে গণপূর্ত অধিদপ্তর। প্রকল্পের আওতায় উদ্যানটির ভেতরে তৈরি করা হয়েছে: দৃষ্টিনন্দন ফোয়ারা, ২৯৪০ বর্গফুট ওয়াকওয়ে, ৪৪টি বসার বেঞ্চ
শিশু-কিশোরদের খেলার সরঞ্জাম ও ব্যায়ামের জন্য সরঞ্জাম। ড্রেনেজ সিস্টেম, সিসিটিভি ক্যামেরা, সোলার পাওয়ার সিস্টেম। আলোকায়নের জন্য স্ট্রিট লাইট ও বজ্রনিরোধক ব্যবস্থা। ৯এছাড়া পার্কজুড়ে নতুন গাছ ও ঘাস লাগানো হয়েছে, যা একসময় পরিত্যক্ত হয়ে যাওয়া উদ্যানটিকে প্রাণবন্ত করে তুলেছে।
পার্কটি একসময় পাঁচলাইশ পার্ক নামে পরিচিত ছিল। ২০০২ সালে এর নামকরণ করা হয় ‘জাতিসংঘ পার্ক’। ২০১২ সালে সিটি করপোরেশন দুটি সুইমিং পুল নির্মাণের কাজ শুরু করলে পার্কটি জনসাধারণের জন্য বন্ধ হয়ে যায়।
২০১৫ সালে সুইমিং পুল নির্মাণ শেষ হলেও সেটি ব্যবহৃত হয়নি। এরপর সিটি করপোরেশন ও গণপূর্তের দ্বন্দ্বে পার্কটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
দীর্ঘদিনের জটিলতা শেষে পার্কটি এখন নতুন রূপে নগরবাসীর জন্য উন্মুক্ত। শহরের সব শ্রেণির মানুষ এখানে অবসর কাটানোর সুযোগ পাবেন। স্থানীয় প্রশাসন আশা করছে, ‘জুলাই স্মৃতি উদ্যান’ চট্টগ্রামবাসীর জন্য বিনোদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।