আন্তর্জাতিক আদালতে আমিরাতের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনল সুদান,
আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ||সুদান সরকার দারফুরে মাসালিত জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এর এক শুনানিতে খার্তুম এই অভিযোগ তোলে।
সুদানের পক্ষ থেকে জানানো হয়, আরএসএফ (র্যাপিড সাপোর্ট ফোর্সেস) এর দ্বারা সংঘটিত সহিংসতা এবং গণহত্যা আমিরাতের অস্ত্র ও লজিস্টিক সহায়তা ছাড়া সম্ভব হতো না। সুদানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী মুয়াবিয়া ওসমান আদালতে বলেন, “ইউএই যে সহায়তা দিয়েছে এবং দিচ্ছে, সেটাই গণহত্যার মূল চালিকাশক্তি।”
সুদানি সেনা-মিত্র সরকার অভিযোগ করেছে, আরএসএফ এবং এর মিত্র মিলিশিয়ারা মাসালিত সম্প্রদায়ের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুটপাট ও জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটিয়েছে। এবং এসব অপরাধে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা ছিল অপরিহার্য।
স্বাধীন তদন্তে প্রমাণ
রাউল ওয়ালেনবার্গ সেন্টারের পরিচালিত একটি স্বাধীন তদন্তে বলা হয়েছে, “বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে যে, আরএসএফ ও তার মিত্র মিলিশিয়ারা দারফুরে মাসালিত জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিধন চালিয়েছে এবং তা এখনও চলছে।”
গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ
সুদান অভিযোগ করেছে, ইউএই জাতিসংঘের গণহত্যা কনভেনশনের অধীনে নিজের আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন করেছে। আদালতের কাছে সুদান ইউএই-এর বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সরকার এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।