বাণিজ্যযুদ্ধ ও ডলারের মান কমায় রেকর্ড দামে সোনা, আউন্সপ্রতি ৩,৩৯৬ ডলার
দিগন্ত জার্নাল ডেস্ক:
বিশ্ববাজারে আবারও রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধ এবং মার্কিন ডলারের মান পতনের কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,৩৮৩.৮৭ ডলারে, যা পরে আরও বেড়ে পৌঁছায় ৩,৩৯৬.১০ ডলারে।
বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক টানাপোড়েন এর মূল কারণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপ এবং চীনের পাল্টা জবাব বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে। আইজি মার্কেটের স্ট্র্যাটেজিস্ট ইয়েপ জুন রং বলেন, “যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনই সোনার দাম বৃদ্ধির প্রধান কারণ। কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদাও সোনার দাম বাড়াতে ভূমিকা রাখছে।”
চীনের প্রতি ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থানের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে। ২ এপ্রিল দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকটি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেন। চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক চুক্তিতে না যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পওয়েলকেও লক্ষ্যবস্তু বানিয়েছে ট্রাম্প প্রশাসন। তাকে পদচ্যুত করার বিষয়েও আলোচনা চলছে।
বিশ্লেষক রং বলেন, “এই পরিস্থিতি অব্যাহত থাকলে প্রতি আউন্স সোনার দাম সাড়ে তিন হাজার ডলারে পৌঁছাতে পারে। সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়বে বলেই ধারণা।”