সয়াবিন তেলের দাম বাড়ানোর চাপ, সরবরাহ বন্ধের হুমকি
ডেস্ক রিপোর্ট । শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
দেশের ভোজ্যতেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানোর জন্য সরকারকে চাপ দিচ্ছে মিলমালিকদের সংগঠন। শুধু তাই নয়, সরকার এ প্রস্তাব অনুমোদন না দিলে বাজারে সরবরাহ বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।
জানা গেছে, গত কয়েক মাস ধরে ৫-৬টি কোম্পানির একটি সিন্ডিকেট বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। পর্যাপ্ত মজুত থাকার পরও সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে, ফলে খুচরা বাজারে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল প্রায় উধাও। অন্যদিকে খোলা তেলের দাম ইতোমধ্যে লিটারে ৩৫ টাকা বেড়ে ২১০ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি।
সম্প্রতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে নতুন দাম নির্ধারণের প্রস্তাব দিয়েছে। এতে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা এবং ৫ লিটারের বোতল ১,০২০ টাকা করার কথা বলা হয়েছে। যদিও সরকার নির্ধারিত দাম যথাক্রমে ১৯৫ ও ৯৫৫ টাকা।
এদিকে বাজার তদারকিতে নেমেছে র্যাব। সম্প্রতি সারা দেশে পরিচালিত অভিযানে ১ লাখ ৪২ হাজার লিটারের বেশি তেল মজুতের প্রমাণ পাওয়া গেছে এবং জরিমানা করা হয়েছে সংশ্লিষ্টদের।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের অজুহাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমান দামই বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়। এখন দেখার বিষয়, সরকার কঠোর অবস্থান নেয় কিনা এবং ভোক্তাদের স্বস্তি ফিরিয়ে আনতে পারে কিনা।